চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ৩০ বোতল উইন সেরেক্স নামের ভারতীয় কাশির সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। গত শনিবার দিবাগত রাত আড়াইটায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৫৯ বিজিবি’র চামুসা বিওপির একটি টহলদল জেলার ভোলাহাট উপজেলার ইউনিয়নের মাগুরা মাঠের একটি ধানক্ষেতে অভিযান পরিচালনা করে। অভিযানে টহলদল মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল এবং এর বিকল্প ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইন সেরেক্স সিরাপ জব্দ করে।
লে. কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।