সোমবার ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 16, 2026
November 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বৃষ্টির পানি ভূগর্ভে পুনঃভরণ : পলশা উচ্চ বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে এমএআর

Published: November 15, 2026 at 01:24 PM
বৃষ্টির পানি ভূগর্ভে পুনঃভরণ : পলশা উচ্চ বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে এমএআর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজড অ্যাকুইফার রিচার্জ (এমএআর) অর্থাৎ কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টির পানি ভূগর্ভে পুনঃভরণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

রবিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

উদ্বোধনকালে প্রকল্পের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। 

বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষে ‘এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এতে সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টির পানি ভূগর্ভে পুনঃভরণের ৬০টি স্থাপনা নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে মোট ১২০টি এমন স্থাপনা নির্মাণ করা হয়েছে।