চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ, আহমদ স্টোরের স্বত্বাধিকারী, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ, চেম্বারের সাবেক পরিচালক, রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ আলহাজ কামরুল আরেফিন বুলু (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুম মন্জুর আহমেদের কনিষ্ঠ সন্তান ভোকেশনাল এলাকার বাসিন্দা কামরুল আরেফিন বুলু মিয়া রবিবার দুপুরে নিজ বাসভবনে হঠাৎ করে অসুস্থ পড়েন। সঙ্গে সঙ্গে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেন।
গোলাম মোস্তফা আরো বলেন, কামরুল আরেফিন মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসী একজন সৎ নিষ্ঠাবান ব্যবসায়ী, সমাজসেবক ও জাতীয়তাবাদী দলের ত্যাগী নেতাকে হারাল।
মরহুমের জানাজার নামাজ ও দাফনের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে মরহুম কামরুল আরেফিন বুলুর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, পরিচালক ডা. মো. দুররুল হোদা, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টুসহ নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
কামরুল আরেফিন বুলুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গভীর একটি শোক বার্তা পাঠিয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ রফিক।
শোকবার্তায় রুহুল কবির রিজভি বলেছেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম বুলু মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম বুলু মিয়াকে বেহেশত নসিব দান করেন এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”