চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাসুদ রানা নামে এক যুবককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
রবিবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। মাসুদ রানা কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন বলেন, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ। এসময় স্থানীয়রা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে মাসুদ রানা পালিয়ে যান। পরে এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই সোহেল রানা একই বছরের ৩১ জুলাই মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।