শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: October 23, 2026
October 23, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে মোটরসাইকেল ছিনতাই : তিনজন আহত

Published: October 23, 2026 at 01:15 PM
ভোলাহাটে মোটরসাইকেল ছিনতাই : তিনজন আহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোলাহাট-শিবগঞ্জ সড়কের খালেআলমপুর ধুমবালু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চার কলেজশিক্ষার্থী দুটি মোটরসাইকেলে করে রাতে ঘুরতে বের হন। তারা ভোলাহাট মেডিকেল মোড় থেকে শিবগঞ্জের দিকে যাওয়ার সময় ধুমবালু সংলগ্ন ইটভাটার রাস্তার কালভার্টের কাছে পৌঁছালে দেশীয় অস্ত্র হাতে ৪-৬ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের হামলায় তিনজন আহত হন।

আহতরা হলেন—ঝাউবোনা গ্রামের বাবুর ছেলে হাবিব (২০), কলেজ মোড় এলাকার মুঞ্জুরের ছেলে রোহান (১৮) এবং কাশিমপুর গ্রামের হাসিব (১৮)।

আহত অবস্থায় হাবিব মোটরসাইকেল ফেলে ফলিমারি এলাকায় দায়িত্ব পালনরত পুলিশের কাছে গিয়ে সহযোগিতা চান। পরে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক হাবিবের মাথায় গুরুতর আঘাতের কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেন। 

ওসি মো. আব্দুল বারিক জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য চেষ্টা চলছে।