চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে সৎ মা আয়েশা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী ধরমপুর গ্রামের মো. বাবুল হোসেনের স্ত্রী।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ শনিবার রাতেই এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মো. বাবুল হোসেনের ছেলে মো. আতিকুর রহমান আশিক (২৫) একজন মাদকসেবী। শনিবার সন্ধ্যা ৭টার দিকে আশিক তার সৎ মা আয়েশা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। কিন্তু তার সৎ মা টাকা না দিলে আশিক ছুরি দিয়ে সৎ মায়ের পেটে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে আয়েশা বেগম গুরুতর আহত হন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়।
এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক গতকাল রবিবার বিকেলে জানান, আয়েশা বেগমকে হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শনিবার রাতেই থানায় মামলা দায়ের করেছেন।
আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানান ওসি।