কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের (চাইনিজ রফিক) নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। মিছিলে জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সামবেশে দেয়া বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা মনে করছে, দেশের সবকিছু জয় করে ফেলেছে। আগামী দিনে কঠোর কর্মসূচি আসছে বলে তিনি উল্লেখ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দৌল্লা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কোয়েল, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ লিটন, সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও দপ্তর সম্পাদক ইয়াকুবসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।