চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, ১৬ ডিসেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, বিজয় মেলাসহ নানা আয়োজনে উদ্যাপন করা হবে মহান বিজয় দিবস।
সোমবার সকালে জেলা প্রশাসন আয়োজিত ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৬’ উদ্যাপনের প্রস্তুতিমূলক এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রেহাইচরের সড়ক ও জনপথ অধিদপ্তর প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাৎস্থলে সকালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
অপরদিকে, মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি এবং সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। ওই দিন সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে (নতুন) আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া, বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। দিবসটি উপলক্ষে সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে ৩ দিনব্যপী বিজয় মেলা এবং জেলা ও উপজেলা পর্যায়ে ফুটবল, টি-২০ ক্রিকেট, কাবাডি, হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন করেন— জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সভায় আরো উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিাচলক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বক) আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. এ এস এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম (চাইনিজ রফিক), জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকরসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।