ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জে শুরু হওয়া বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মাঝে গত রবিবার দিনভর রোদ থাকলেও রাতের বৃষ্টিতে আরো ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এবার আমনের ফলন ভালো হলেও কয়েক দিনের বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় ফিকে হয়ে আসছে কৃষকের মুখ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, গত রবিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত জেলায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫.৪ মিলিমিটার। এর মধ্যে সদরে ৩ মিলিমিটার, শিবগঞ্জ উপজেলায় শূন্য মিলিমিটার, গোমস্তাপুর উপজেলায় ১০ মিলিমিটার. নাচোল উপজেলায় নাচোল শূন্য মিলিমিটার এবং ভোলাহাট উপজেলায় ১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
এদিকে গতকাল সোমবার সদর উপজেলার বিভিন্ন ধান ক্ষেত ঘুরে দেখা যায়, বৃষ্টি শুরু হওয়ার আগে কৃষকরা যেসব জমির ধান কেটে শুকানোর জন্য জমিতে ফেলে রেখেছিলেন, সেইসব ধান এখনো বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে। গতকাল সোমবারও বৃষ্টি হয়েছে। এতে ফেলে রাখা ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম ররিবার জানিয়েছিলেন, জেলায় প্রায় ৮০০ হেক্টর জমির ধান বৃষ্টিতে আক্রান্ত হয়েছে।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় টানা তিন দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতে মাঠে কেটে রাখা পাকা আমন ধান ভিজে যাওয়ায় চরম দুশ্চিন্তা ও ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ধান কাটা ও ঘরে তোলার ভরা মৌসুমে এমন অসময়ের বৃষ্টিতে জমিতে গোছা করে রাখা কাটা ধান ও নুয়ে পড়া ধানের শীষ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। পাশাপাশি গ্রামীণ জনজীবন ও শ্রমজীবী মানুষের আয়-রোজগারেও নেমে এসেছে স্থবিরতা।
সরেজমিন তথ্য ও স্থানীয় সূত্রে জানা যায়, নাচোলের বিভিন্ন মাঠে কৃষকদের কেটে গোছা করে রাখা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। নিম্নাঞ্চল ও ফসলের মাঠে পানি জমে জলাবদ্ধতা তৈরি হওয়ায় যেসব ধান এখনো কাটা হয়নি, সেগুলোও নুয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। দীর্ঘ সময় ধান ভিজে থাকলে এবং জমে থাকা পানিতে থাকলে ধানের শীষে পচন ধরা, দানা নষ্ট হওয়া এবং ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। কেননা সার, বীজ, কীটনাশক এবং শ্রমিকের পেছনে অর্থ ব্যয় করে আমন আবাদ করেছিলেন কৃষকরা। ফসল ঘরে তুলে বিক্রি করে ঋণ পরিশোধ ও সংসারের খরচ চালানোর পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে সেই হিসাব উল্টে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
নাচোলের কৃষ্ণপুর গ্রামের কৃষক আমির হোসেন জানান, অনেক খরচ করে আমন ধান চাষ করেছেন; ধান ঘরে তোলার সময়ে জমিতে পানি জমে যাওয়ায় বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
শুধু ধান নয়, খড় নষ্ট হওয়ার আশঙ্কাও কৃষকদের। কৃষক মনিরুল ইসলাম জানান, পাকা আমন ধান কাটার সময়ে টানা বৃষ্টি তাদের বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ধানের পাশাপাশি খড়ও ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, যা আর্থিক ক্ষতির পাশাপাশি আগামী দিনে গোখাদ্যের সংকট তৈরি করতে পারে।
এছাড়া আবহাওয়া বিরূপ হওয়ায় ধান কাটা, মাড়াই, শুকানো ও ঘরে তোলার কাজে বাড়তি শ্রম ও খরচের মুখে পড়তে হচ্ছে চাষিদের।
নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে ২২ হাজার ১২৫ হেক্টর আমন ধানের আবাদ হয়। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের গাছ ও দানা বেশ ভালো হয়েছিল। কৃষকরা আগাম গম ও সরিষা বপনের লক্ষে নভেম্বর মাসের প্রথম দিকে ধান কাটা শুরু করে এতে সিংহভাগ ধান কাটা হয়। কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে ভিজে কাটাধান জমিতে রয়েছে। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন, ভিজে যাওয়া ধান উঁচু ও শুকনো স্থানে সরিয়ে নেয়ার পরামর্শ দিচ্ছেন। আকাশ পরিষ্কার হলে আক্রান্ত ফসল স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলে আশা কৃষি অফিস সংশ্লিষ্টদের।
অন্যদিকে, স্থানীয় কৃষকদের দাবি— মাঠপর্যায়ে প্রকৃত ক্ষয়-ক্ষতির চিত্র দ্রুত নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে হবে এবং ভিজে যাওয়া ধান শুকানো ও সংরক্ষণে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
গোমস্তাপুর প্রতিনিধি : কয়েক দিনের টানা ও থেমে থেমে চলা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করলেও ঠিক ধান কাটার ভরা মৌসুমে এমন বৈরী আবহাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। বিশেষ করে যেসব জমিতে পাকা ধান কেটে রাখা হয়েছিল, বৃষ্টির পানিতে তা ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আবার অনেক জমিতে জমে থাকা পানিতে তলিয়ে ও হেলে পড়েছে দাঁড়িয়ে থাকা ধান। এতে একদিকে যেমন ধান কাটা, শুকানো ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন চাষিরা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনের বৃষ্টিতে রহনপুর পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার ফসলি জমিতে পানি জমে গেছে। বরেন্দ্র অঞ্চলের উঁচু-নিচু ও বিলসংলগ্ন জমিগুলোতে পানি আটকে থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। অনেক কৃষক পাকা ধান কেটে জমিতেই রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় সেই ধান যেমন শুকানো যাচ্ছে না, তেমনি পানিতে ভিজে শীষ থেকে ধান ঝরে যাওয়া ও চাল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
রহনপুর ইউনিয়নের কৃষক আতিক বাবু জানান, তার ৫ বিঘা জমির ধান কাটার কাজ চলছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই ধান মাঠেই পড়ে আছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে ধান কাটতে শ্রমিক পাওয়া যাচ্ছে না; আর যারা রাজি হচ্ছেন, তারা বাড়তি মজুরি দাবি করছেন। সব মিলিয়ে কাটা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন বলে জানান।
তিনি আরো বলেন, হঠাৎ বৃষ্টির কারণে কাটা ধান মাঠেই পড়ে গেছে। রোদ নেই, আকাশ মেঘলা থাকায় ধান শুকানো যাচ্ছে না। এমন অবস্থায় শ্রমিক পাওয়া যাচ্ছে না; আর যারা রাজি হচ্ছেন, তারা বাড়তি মজুরি দাবি করছেন। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে কাটা ধান নষ্ট হয়ে যাবে, খড়ও পচে যাবে। সব মিলিয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়ে আছি।
একইভাবে রাধানগর ইউনিয়নের কৃষক ইমদাদুল হক বলেন, তার জমির পাকা ধান বাতাস ও বৃষ্টিতে পড়ে গেছে এবং ক্ষেতে পানি জমে আছে। জলাবদ্ধতা ও খারাপ আবহাওয়ার মধ্যে কীভাবে পাকা ধান কেটে ঘরে তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। তিনি আরো বলেন, সারা বছর অনেক কষ্ট করে এই ফসল ফলিয়েছি। ভেবেছিলাম এবার ধান কেটে ঘরে তুললে ঋণ ও সংসারের খরচ সামলাব। কিন্তু হঠাৎ বৃষ্টিতে পাকা ধান পড়ে গেছে, ক্ষেতেও পানি জমে গেছে। কাদা ও জলাবদ্ধতার মধ্যে কীভাবে ধান কাটব আর কীভাবে ঘরে তুলব, তা নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে আছি।
শুধু কাটা ধানই নয়, যেসব জমিতে এখনো ধান দাঁড়িয়ে আছে, সেখানেও বৃষ্টিতে গাছ হেলে পড়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া খড় ভিজে পচে যাওয়ার শঙ্কা এবং পরবর্তী শীতকালীন ফসল আবাদ ও জমি তৈরির কাজ পিছিয়ে যাওয়ার আশঙ্কায়ও ভুগছেন চাষিরা।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ধরনের ৬৪২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণের কাজ চলছে এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। বৃষ্টির পানি জমে থাকা জমিতে দ্রুত নালা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, কাটা ধান ও খড় যাতে দীর্ঘ সময় পানিতে ডুবে না থাকে সেদিকে খেয়াল রাখা এবং আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ধান মাড়াই ও ভালোভাবে শুকিয়ে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন এই কৃষি কর্মকর্তা।