নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার ভোরে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলারবাওইল গ্রাম থেকে পুলিশ তাদেরকে আটক করে।
আটক দুই ব্যক্তি হলেন- পাড়ইল ইউনিয়নের এজামুল হকের ছেলে হামেদুল ইসলাম (৩৫) ও তার সহযোগী একই গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. রশিদ (৪৪)।
সোমবার নিয়ামতপুর থানায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে নিয়ামতপুর থানার একটি দল সোমবার ভোরে এই অভিযান চালায়। এসময় হামেদুল ইসলামের বাড়ি হতে ৩০ কেজি করে ওজনের তিনটি পাটের বস্তার ভেতর থেকে ৯০ কেজি গাঁজা জব্দসহ হামেদুল ইসলাম ও তার সহযোগী মো. রশিদকে গ্রেপ্তার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, এ গাঁজা ব্যবসার মূল হোতা হামেদুল ইসলাম। তাকে আটক করার পর তার তথ্য অনুযায়ী তার সহযোগী রশিদকে আটক করা হয়। তারা নিজ বাড়িতে গাঁজা রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দুই মাদক কারবারির নামে মামলা দায়ের করা হয়েছে।