চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত কমলেও ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪জন ও রামেক হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ১০ জন বাসিন্দা মারা গেছেন। এছাড়া বাড়িতেও বেশ কয়েকজনের মরা যাওয়ার খবর রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনকে ভর্তি করা হয়েছে।
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৭৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শনিবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ১৬২ জন, শিবগঞ্জে ২০৭ জন, গোমস্তাপুরে ২০৩ জন, নাচোলে ১১২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৯ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮১৩ জন ভর্তি হন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৪৩০ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২১৮ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।