চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী মৃতের সংখ্যা ৪ জন হলেও রামেক হাসপাতালেই এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের ১০ জন বাসিন্দা। এছাড়া বাড়িতেও মারা গেছেন বেশ কয়েকজন।
এদিকে স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ২৭ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ১ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে বতর্মানে সরকারি হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ১২৬ জন, শিবগঞ্জে ২০৭ জন, গোমস্তাপুরে ১৯৯ জন, নাচোলে ১১১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২৭ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৭৭০ জন ভর্তি হন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৪৩০ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২১৫ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।