চাঁপাইনবাবগঞ্জে সচেতন নাগরিক কমিটি (সনাক)’র উদ্যোগে সনাক-ইয়েস-এসিজি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের আলাউদ্দীন চাইনিজ অ্যান্ড ফাস্টফুড রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুখ্য আলোচক ছিলেন— ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
এ সময় তিনি বলেন, বাংলাদেশে দুর্নীতি হ্রাসে রাষ্ট্রীয় উদ্যোগে প্রাতিষ্ঠানিক পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতার সংস্কৃতি চালু করতে হবে। রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নীতি-নির্ধারণী ও সেবা প্রদান ব্যবস্থায় নাগরিক সম্পৃক্ততা বাড়াতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও দাতা সংস্থাগুলোর অর্থায়ন হ্রাসের মুখোমুখি দাঁড়িয়েও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে কার্যকর ও টেকসইভাবে এগিয়ে নিতে হবে নাগরিকদের। স্থানীয় পর্যায়ের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সচেতন নাগরিক কমিটি মূল অনুঘটকের ভূমিকা পালন করবে। তিনি সাম্প্রতিক চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করে দুর্নীতিবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন— সনাক সদস্য সেলিনা বেগম।
সভায় স্থানীয় সনাক ও তরুণ নেতৃত্ব পরিবর্তিত পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা করেন।
সনাক সদস্য গোলাম ফারুকের সঞ্চালনায় সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র চলমান কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।