চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও সমাজসেবক এরফান আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় নবাবগঞ্জ টাউন ক্লাবে সাধারণ ব্যবসায়ী ও সুধী সমাজ এই উপলক্ষে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে এরফান আলীর জীবনী তুলে ধরে স্বাগত বক্তব্য দেন— সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা ট্রাক ট্যাংকলরি ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি দানিউল হক, ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আকবর হোসেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি তরিকুল আলম সিদ্দিকী নয়ন, জেলা মিল মালিক গ্রুপের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শামসুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ।
দোয়া পরিচালনা করেন সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক।
নাগরিক স্মরণসভায় বআরা বলেন, এরফান আলী ব্যবসায়ী হলেও সামাজিক দায়বদ্ধতা নিয়েও সচেতন ছিলেন। নানান দুর্যোগে মানুষের পাশে থাকতেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও এলাকার অবকাঠামো নির্মাণসহ নানাভাবে মানুষকে সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, এরফান আলী চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটী বারোরশিয়া এলাকায় ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে হাসকিং মিলে চাল উৎপাদনের মাধ্যমে সফল এই উদ্যোক্তার পথচলা শুরু হয়। ২০০১ সালে অটোমেটিক রাইস মিল নির্মাণের পর মাত্র দুই যুগের ব্যবধানে গড়ে তোলেন একটি প্রতিষ্ঠিত গ্রুপ অব কোম্পানিজ। এরই মাধ্যমে কার্যক্রম শুরু হয় এরফান গ্রুপের। সেই উদ্যোগ সফল হলে দিন দিন এরফান গ্রুপের অগ্রযাত্রা আরো বেশি বিস্তৃত হতে থাকে। উৎপাদন, শিল্প উদ্যোগ আর বাণিজ্যে বাড়তে থাকে বিনিয়োগ। বর্তমানে এরফান গ্রুপের অধীনে উৎপাদন, সেবা ও বাণিজ্য খাতের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। শুরু থেকেই প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের উন্নত সেবা দিয়ে আসছে। দেশের গণ্ডি পেরিয়ে এরফান গ্রুপের চাল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।
এছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশসেবায় দায়িত্ববোধের কারণে ২০১৪ সালে কমিটমেন্ট অ্যাওয়ার্ড ফর অ্যাগ্রো কমার্স লাভ করে এরফান গ্রুপ। একই বছরে স্বাধীনতা সংসদ অ্যাওয়ার্ড অর্জন করে। ২০১৩ সালে ব্যাংক বিমা শিল্প বিজনেস অ্যাওয়ার্ড পদক পায়। এছাড়াও অসংখ্যবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবোর্চ্চ করদাতা নির্বাচিত হয়েছিলেন এরফান আলী ও তার ব্যবসা প্রতিষ্ঠান।
এরফান আলী ২০২৪ সালের ৩ নভেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।