চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর অর্ধ পুঁতে রাখা লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতকের ঠাঁই হয়েছে রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসে।
বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় আনুষ্ঠানিকভাবে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসের কর্তৃপক্ষের কাছে শিশুটিকে হস্তান্তর করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় মঙ্গলবার সকালে জালমাছমারীর একটি আমবাগান থেকে বালুর মধ্যে থেকে এই নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করে গোলাপ হোসেন। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয় এবং শিশুটি সুস্থ রয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। পরে আইনি কার্যক্রম শেষে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজশাহীর বোয়ালিয়াস্থ ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়।