শনিবার ৩১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 31, 2026
October 29, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সোনামসজিদ স্থলবন্দর : সব ধরনের পণ্যবাহী ট্রাকের প্রবেশ বন্ধ রেখেছেন ভারতীয় ট্রাকচালকরা

Published: October 29, 2026 at 01:51 PM
সোনামসজিদ স্থলবন্দর : সব ধরনের পণ্যবাহী ট্রাকের প্রবেশ বন্ধ রেখেছেন ভারতীয় ট্রাকচালকরা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে সব ধরনের পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ রয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে খালাসের পর ট্রাক নিয়ে চালক ভারতে ফিরে যাবার নির্দেশনা বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ জারির পর বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় ট্রাকচালকরা পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার মো. কামাল হোসেন। 

তিনি আরো জানান, সম্প্রতি বাংলাদেশ কাস্টমসের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়, ভারত থেকে আশা পণ্যবাহী ট্রাক পণ্য খালাসের পর এর চালক ও সহকারীরা খালি ট্রাক নিয়ে ভারতে ফিরতে পারবে। নচেৎ তাদের বন্দরেই ট্রাকের সাথে অবস্থান করতে হবে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় ট্রাকচালক ও এর সহকারীরা বাংলাদেশের ট্রাক প্রবেশ বন্ধ করে দেয়। এতে করে সকাল থেকে বাংলাদেশে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ রয়েছে। তিনি আরো জানান, ভারতের মহদীপুর অংশে অন্তত ৫ শতাধিক ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। 

এদিকে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন জানান, ভারত থেকে পণ্য নিয়ে বন্দরে প্রবেশের পর খালাসের অপেক্ষায় থাকা ট্রাকের চালক ও সহকারীরা রাতে ভারতে ফিরে যান। পরে ট্রাকের পণ্য খালাস হলে আবার তারা ফিরে এসে খালি ট্রাক নিয়ে যান। এতে সমস্যা সৃষ্টি হচ্ছিল। রুহুল আমিন বলেন, এ পরিস্থিতি এড়াতে নিয়ম অনুযায়ী পণ্য খালাস না হওয়া পর্যন্ত ভারতীয় ট্রাকচালক ও তাদের সহকারীদের রাতে বন্দরের ভেতরে অবস্থান করতে বলা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে ভারতীয় পক্ষ সোনামসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রেখেছে। তিনি আরো জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে।

অন্যদিকে বন্দরের অভ্যন্তরে ২৪০টি ভারতীয় পণ্যবাহী ট্রাক ও এর চালক এবং চালকের সহকারী অবস্থান করছেন। পণ্য খালাসের পর তারা ট্রাক নিয়ে ফিরে যাবেন।