বুধবার ০৪ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 04, 2026
November 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১০২ জন

Published: November 04, 2026 at 02:08 PM
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত   আরো ১০২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি নেই। জেলা হাসপাতালে গিজগিজ করছে ডেঙ্গু রোগী। পরিস্থিতি সামাল দিতে গত মঙ্গলবার থেকে শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন করে চিকিৎসককে জেলা হাসপাতালে আগামী এক মাসের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। 

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়র্ডে জেলা প্রশাসন গঠিত কমিটির সদস্যরা সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করছেন। এর বাইরে রেড ক্রিসেন্ট সোসাইটিও বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতন করছে। এছাড়াও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন এনজিও’র উদ্যোগেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবুও কাজের কাজ তেমন হচ্ছে না। 

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের পরিসংখ্যানে মৃতের সংখ্যা ৪ জন থাকলেও রামেক হাসপাতালেই এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের ১০ জন বাসিন্দা ডেঙ্গুতে মারা গেছেন। এছাড়া বাড়িতে মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন কেউ না কেউ। 

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৫ জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হওয়া ৩৩ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। বতর্মানে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ২৪ জন পুরুষ ও ২৪ জন নারীসহ ৪৮ জনকে জেলা হাসপাতালে, ৪ জন পুরুষ রোগীকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৬ জন পুরুষ ও ১ নারীসহ ৭ জন রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন নারী রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

অন্যদিকে একই সময়ে জেলা হাসপাতালে শনাক্ত হওয়া ৪২ জন সাধারণ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৫ জন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনসহ মোট ৪৪ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। 

ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৪১ জন পুরুষ ও ৪৫ জন নারীসহ ৮৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন পুরুষ ও ৪ জন নারীসহ ২০ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ ৪ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পুরুষ ও ৩ জন নারীসহ ৮ জন রোগী ভর্তি রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ৩ হাজার ৬৭ জন, শিবগঞ্জে ২০১ জন, গোমস্তাপুরে ১৮৯ জন, নাচোলে ১০২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২১ জনসহ জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮০ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ৩৮৫ জন সাধারণ ডেঙ্গু রোগী। জেলা হাসপাতাল থেকে একই সময়ে ২১০ জন ডেঙ্গু রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।