শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 06, 2026
November 06, 2026
বিনোদন
বিনোদন

নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বিজয় সেতুপতি

Published: November 06, 2026 at 10:47 AM
নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বিজয় সেতুপতি

ভারতের বিনোদন জগতে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের মঞ্চে পুরস্কার উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবে ৫৪তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের আসর। সেখানেই উপস্থাপক হিসেবে দেখা যাবে এই অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হলিউড রিপোর্টার ইন্ডিয়ার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনের মঞ্চে পুরস্কার তুলে দেবেন বিজয় সেতুপতি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এমির ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে এই দায়িত্ব পালন করার কৃতিত্ব অর্জন করবেন তিনি। এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় শিল্পীদের উপস্থিতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। অভিনেতার এই অংশগ্রহণের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রযোজক ও ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেসের বোর্ড সদস্য কবিতা গুপ্ত। ইন্টারন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত টেলিভিশন অনুষ্ঠান ও কাজের স্বীকৃতি দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন অঙ্গনের তারকারা এই আয়োজনে অংশ নেন। এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন বিজয় সেতুপতি। সম্প্রতি বালাজি থারানীথরনের পরিচালনায় ‘বাথা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। গ্যাংস্টারের নৈতিক পরিবর্তনের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। সামনে মণি রত্নমের পরিচালনায় ‘ইনজি ভেল্লাম’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া থিয়াগারাজন কুমারারাজার ‘পকেট নভেল’ সিনেমায় অভিনয় করছেন বিজয়। এতে আরও রয়েছেন রাজ বি শেঠি ও মালবিকা মোহনন। অন্যদিকে ২০২৪ সালের অ্যাকশনধর্মী সিনেমা ‘মহারাজা’র হলিউড রিমেক নির্মাণের বিষয়টিও সম্প্রতি নিশ্চিত করেছেন অভিনেতা। পাশাপাশি সিনেমাটির সিক্যুয়েল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। পরিচালক নিথিলান স্বামীনাথন ইতোমধ্যে এর গল্প তাকে শুনিয়েছেন।