চাঁপাইনবাবগঞ্জের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি ব্যাটারিচালিত স্কুল ভ্যান উপহার দিয়েছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। শনিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ভ্যানটি হস্তান্তর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার সভাপতি ও রাজউকের প্রধান প্রকৌশলী (পিআরএল) ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন। এ সময় বক্তব্য দেন সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্বাহী সচিব মো. হান্নান হোসাইন এবং প্রধান শিক্ষক মোসা. আম্বিয়া খাতুন মিলি, মুক্তিযোদ্ধা মো. খাইরুল ইসলাম, পৌরসভার ২ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মো. শাহনেওয়াজ খাঁন সিনা, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা আজীবন সদস্য ও সিটি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সমাজসেবা, স্বাস্থ্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট লুৎফর রহমান ফিরোজ, আজীবন সদস্য আয়কর আইনজীবী আব্দুল্লাহ নিলয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা সমাজের সবার দায়িত্ব। তাদের চলাচলের সুবিধার্থে ব্যাটারিচালিত স্কুল ভ্যান উপহার দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া সহজ করার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বাড়াবে। তিনি এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষের কল্যাণে কাজ করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো জেলা সমিতির অন্যতম সামাজিক দায়িত্ব। শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট লাঘব ও তাদের শিক্ষার পরিবেশ আরও সহজ করতে এই স্কুল ভ্যান উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
উল্লেখ্য, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৭০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। জাতীয় পর্যায়ের ট্যালেন্ট হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে। স্কাউটসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও রয়েছে তাদের অংশগ্রহণ। ব্যাটারিচালিত স্কুল ভ্যানটি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।