ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের পুশইনের শিকার হয়ে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে আটক হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিক অবশেষে নিজ দেশে ফিরে গেছেন| বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্রাভেল পাসের মাধ্যমে তারা ভারতে যান|
চার ভারতীয় নাগরিক হলেন— পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ ও ইমাম দেওয়ান এবং দানিশ শেখ|
জানা যায়, ২০২৫ সালের জুন মাসে ভারতীয় ছয় মুসলিম নাগরিক কুড়িগ্রাম সীমান্ত দিয়ে দুই দফা পুশইনের শিকার হন| পরে তারা কুড়িগ্রাম থেকে বিভিন্ন স্থান ঘুরে চাঁপাইনবাবগঞ্জের একটি ভাড়া বাড়িতে অবস্থান নিলে তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ| তিন মাস পর আদালত পৌর এলাকার নয়াগোলা গ্রামের ফারুক হোসেন নামে এক ব্যক্তির জিম্মায় জামিন দেন| এ খবর গণমাধ্যমে প্রচার হলে ভারতের উচ্চ আদালত তাদের নাগরিকদের ফেরত নেয়ার নির্দেশনা জারি করে| পরে গত ৫ ডিসেম্বর বিএসএফ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে চার মাসের অন্তঃসত্ত্বা সোনালী বিবি ও তার শিশুসন্তান সাব্বিরকে ভারতে ফেরত নিলেও স্বামী দানেশসহ এই চারজনকে ফেরত নেয়নি|
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ জামিরুল ইসলাম জানান, বিকেলে ট্রাভেল পাসের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে চার ভারতীয় নাগরিককে ভারতে পাঠানোর অনুমতি দেয়া হয়েছে|
এ সময় সোনামসজিদ ইমিগ্রেশনে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি সুব্রত কুমার, বিজিবি বিএসএফের কর্মকর্তা ও সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন|