চাঁপাইনবাবগঞ্জে আবারো ডেঙ্গু রোগী বাড়তে শুরু করেছে| গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে| তাদের মধ্যে ৫ জন জটিল রোগীকে ভর্তি করা হয়েছে এবং ২ জন সাধারণ রোগীকে ছেড়ে দেয়া হয়েছে|
এদিকে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগবালাই থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দেয়া হয়েছে| জেলার সরকারি হাসপাতালগুলোয় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে| পৌরসভাগুলোও একই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে|
তবুও শহরাঞ্চলে ময়লা-আবর্জনার কমতি নেই| যেখানে সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যাচ্ছে| তাছাড়া জলাবদ্ধতার কারণেও মশার জন্ম হচ্ছে| ড্রেন থেকে ময়লা তুলে সঙ্গে সঙ্গে অপসারণের ব্যবস্থা না থাকায় রাস্তার পাশেই দিনের পর দিন পড়ে থাকতে দেখা যায়| কোনো জায়গায় বৃষ্টির পানিতে ড্রেনের ময়লা আবার ড্রেনেই পতিত হয়|
এদিকে বুধবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় একজন শিশু ও একজন নারীসহ দুজন ডেঙ্গু রোগী ভর্তি ছিল| গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁজনকে ভর্তি করা হয়েছে| নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চারজন পুরুষ ও একজন শিশু রয়েছে| অন্যদিকে পূর্বের ভর্তি থাকা একজন পুরুষ রোগী সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে| ফলে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জন| তাদের মধ্যে পুরুষ ৩ জন, মহিলা ১ জন ও ২ জন কন্যাশিশু রয়েছে|
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেন— গত ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়| তাদের মধ্যে জটিল ৫ জনকে ভর্তি করা হয়েছে এবং ২ জন সাধারণ রোগীকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে| তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিয়ে সেরে উঠবেন|
তিনি আরো জানান, হাসপাতালে ডেঙ্গুর স্যালাইন ও কীট পর্যাপ্ত আছে| আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিচ্ছি| যাতে যে কোনো ধরনের মশার জন্ম হতে না পারে|