রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

Published: November 08, 2026 at 01:28 PM
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায়  দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’— এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ সমবায় মেলা, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। 

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। শোভাযাত্রা শেষে সমবায় মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। 

সূচনা বক্তব্যে জেলা সমবায় বিভাগের সার্বিক দিক তুলে ধরেন জেলা সমবায় কর্মকর্তা মোখলেছুর রহমান। তিনি তার উপাস্থপনায় জানান, জেলায় ১ হাজার ১২টি সমবায় সমিতি কাজ করছে। সমিতিগুলোর মধ্যে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এবারো জাতীয় পুরস্কার পাচ্ছে। আজ  ঢাকায় জাতীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পুরস্কার প্রদান করবেন। 

সভায় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আনিসুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে বিভিন্ন সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় ১১টি সমবায় সমিতি স্টল দিয়েছে। 

কর্মসূচিতে জেলা প্রশাসন, জেলা ও উপজেলা সমবায় অফিস এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। 

শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে। রবিবার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ বিভন্ন কর্মসূচির আয়োজন করে। কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ সাব্বির আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন— উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তার, যুব উন্নয়ন অফিসার আব্দ্যুৎ তোয়াব।

নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

রবিবার সকালে নাচোল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল মান্নান আকন্দ।

প্রধান অতিথি ছিলেন— নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। বিশেষ অতিথি ছিলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জামায়াতের নাচোল উপজেলা আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পৌর জামায়াতের সহ-সেক্রেটারি ইসমাইল হোসেনসহ অন্য অতিথিবৃন্দ।

সূচনা বক্তব্য দেন— উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক।

সভা শেষে বিশেষ অবদান রাখার জন্য সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ভোলাহাট : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দিবসটি উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ র‌্যালি-আলোচনা সভার আয়োজন করে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের নেতৃত্বে র‌্যালি বের হয়। পরে উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহিনুর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, ভোলাহাট থানার এসআই মো. বশির, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মনোয়ার হোসেনসহ অন্যরা।

পরে একজন সমবায়ী, একটি সমবায় সমিতি ও একটি মডেল সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।

গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার  সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। 

সভায় বক্তব্য দেন— রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারেক আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুল্লাহ আহমদ, আম আড়তদার সমিতির সভাপতি নাসির উদ্দীন ও স্বাস্থ্য সমবায় সমিতির সম্পাদক নাসিরসহ অনেকে।