রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

Published: November 08, 2026 at 01:32 PM
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে এই অভিযান চালানো হয়। 

অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কাঠ পোড়ানোসহ পরিবেশগত ছাড়পত্র ব্যতীত পরিচালিত সদর উপজেলার গোবরাতলা এলাকায় স্থাপিত মেসার্স সেবা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বৈদ্যুতিক মিটার খুলে নেয়া হয়েছে এবং চিমনি ও কিলন পুরোপুরি ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

অন্যদিকে মেসার্স এ আর বি ব্রিকসকে ৬ লাখ এবং মেসার্স টিজিবি ব্রিকসকেও ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ইটভাটারই চিমনি ও কিলন পুরোপুরি ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। 

এছাড়া মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন পুরোপুরি ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

অভিযানে সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এছাড়াও অভিযান পরিচালনাকালে জেলা পুলিশ, এসআরবি-৫, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক চৌকস দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। 

পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখবে।

পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।