রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ

Published: November 08, 2026 at 02:01 PM
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার  ৩৪.৭ শতাংশ

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেছেন, দেশের টেকসই উন্নয়নের জন্য সঠিক পরিসংখ্যান জরুরি। রবিবার জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, আগে কিছুটা দর্বলতা ছিল কিন্তু এখন অনেকটা উন্নতি হয়েছে। তিনি বলেন, আমাদের সীমিত সম্পদ দিয়েই সঠিক পরিসংখ্যান করতে হবে। কেননা এটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন। 

‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে দিবসটি উদ্যাপন করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় আলোচনা সভার আয়োজন করে। বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সূচনা বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের ও জাতীয় পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা রাজীব কুমার কর্মকার। তিনি জানান, ২০২২ সালের আদমশুমারী অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট জনসংখ্যা ১৮ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৮৭ হাজার ১৭০ জন ও নারী ৯ লাখ ৪৮ হাজার ২৮২ জন এবং হিজড়া ৭৬ জন। তিনি আরো জানান, জেলায় সাক্ষরতার হার (৭ বছর প্লাস) ৭২ শতাংশ, বাল্যবিবাহের হার ৬৯.৬ শতাংশ এবং দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ইকবাল আহমেদসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন— নাচোল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আল আমিন।