চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন| বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নেকজান উচ্চ বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে| এঘটনায় মোটর সাইকেল চালক মো. ময়েন হোসেন (১৯)কে আটক করেছে পুলিশ|
নিহত ব্যক্তি ভোলাহাট উপজেলার চর ধরমপুর গ্রামের মৃত আলী জান লায়েকের ছেলে|
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেছেন| তিনি আরো জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শের মোহাম্মদ বাইসাইকেল চালিয়ে নেকজান উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়| এতে শের মোহাম্মদ মাথায় গুরুতর আঘাত পান| এসময় আশপাশের লোকজন শের মোহাম্মদকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়| সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন|
এ ব্যাপারে নিহতের মেয়ে মোছা. জরিনা ভানু ভোলাহাট থানায় লিখিত এজাহার দাখিল করেছেন| পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় মোটরসাইকল চালক ময়ান হোসেনকে আটক করেছে| আটক ময়ান হোসেন ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের মো. আরমানের ছেলে|