চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেলাইমেশিন, হুইলচেয়ার, হস্তচালিত নলকূপ, সেমি ডিপকল, ল্যাপটপ, সিলিংফ্যান, উঁচু-নিচু স্কুল বেঞ্চ, আলমারি ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে| বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী|
সংসদ সদস্য ড. মো. কেরামত আলীর সার্বিক সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন এসব সামগ্রী বিতরণের আয়োজন করে|
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল— ৯৮টি সেলাইমেশিন, ১২টি সেমি ডিপকল, ২৯টি নলকূপ, ১২টি আলমারি এবং ৪টি ল্যাপটপ উপকারভোগী ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ| এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা নায়েবে আমির ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রবিউল ইসলাম, উপজেলা নায়েবে আমির ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম এবং শিবগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসচ্ছল ও দুস্থ মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে|