চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ৩৫ বোতল নেশাজাতীয় কফ রিলিফ সিরাপ ও ১৭ বোতল মদ জব্দ করা হয়েছে। গত রবিবার রাতে অভিযান দুটি চালানো হয়।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মাসুদপুর বিওপির একটি টহল দল রবিবার রাতে জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৫ বোতল নেশাজাতীয় কফ রিলিফ সিরাপ জব্দ করে।
একই দিন রাত ১০টার দিকে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহল দল দুর্লভপুর ইউনিয়েনের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত সিরাপ ও মদের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা। জব্দকৃত সিরাপ ও মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবির অভিযানে ১ জন আসামিসহ ২৩৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ধরনের সিরাপ ও ৫৩ বোতল মদ জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধ করাসহ যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।