বর্তমান সরকার ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট প্রকল্প চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় অসহায় দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। শিবগঞ্জ পৌরসভায় বসবাসকারী হতদরিদ্র ২শ পরিবারে ত্রাণ হিসেবে ১০ কেজি করে চাল এবং নারীদের স্বাবলম্বী করার লক্ষে ২৫ জনকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
ড. পারভেজ বলেন, অর্থ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি চালু হলে প্রত্যক অঞ্চলের ঐতিহ্যবাহী যে খাদ্য রয়েছে, পণ্য রয়েছে বাংলাদেশে বাজারজাতকরণের ব্যবস্থা করব এবং উদ্যোক্তা সৃষ্টি করব। পাশাপাশি বিশ্ববাজারে ঐতিহ্যবাহী শিল্প পৌঁছে নিতে কাজ করছে তারেক রহমানের সরকার। তিনি বলেন— শিবগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা নিরসনে সেন্ট্রাল ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনা (প্ল্যানিং) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং অত্যন্ত দ্রুততার সাথে এর নির্মাণকাজ শুরু করা হবে। এর পাশাপাশি নদীভাঙন কবলিত এলাকার জনদুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, শিবগঞ্জের নদীভাঙন এলাকায় স্থায়ী বাঁধের কাজও অতি শীঘ্রই শুরু করা হবে।
তিনি আরো বলেন, পলাতক শক্তি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে। কিন্তু যেভাবে জনগণকে সাথে নিয়ে তাদেরকে উৎখাত করেছি সেভাবেই তাদেরকে আমরা মোকাবিলা করব।
একই সঙ্গে “ফ্যাসিস্ট ও গুপ্ত” এই দুটির সম্মিলন যাতে না হয়, সেটির জন্য সবোর্চ্চ চেষ্টা থাকবে সরকারের পক্ষ থেকে।
পরে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। এতে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ডা. নাহিদুজ্জামান সুমনসহ অন্যরা।