চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার হয়েছে। রবিবার সকাল সোয়া ৯টায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, রবিবার সকাল সোয়া ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীনস্থ রঘুনাথপুর বিওপির টহলদল দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় টহলদল একটি বাড়ির খড়ের স্তূপের নিচে একটি কালো বালতির ভেতর ককটেল সদৃশ বস্তু দেখতে পায়। এরপর স্থানটি বিজিবি টহলদল ঘিরে রাখে এবং শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবি এবং শিবগঞ্জ থানা পুলিশ দল যৌথভাবে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর আড়াইটায় শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।
তিনি বলেন, ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সবসময় নিরলসভাবে কাজ করছে।