রবিবার ০৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 04, 2026
October 04, 2026
জাতীয়
জাতীয়

সেপ্টেম্বরের সড়কে প্রতিদিন গড়ে ১৪ প্রাণহানি : রোড সেফটি ফাউন্ডেশন

Published: October 04, 2026 at 12:47 PM
সেপ্টেম্বরের সড়কে প্রতিদিন গড়ে  ১৪ প্রাণহানি : রোড সেফটি ফাউন্ডেশন

দেশে সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় ১৪ জন মারা গেছেন বলে রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে উঠে এসেছে। সংস্থাটি বলছে, বিদায়ী মাসে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪ জন আহত হয়েছেন। একই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন। এছাড়া ২৩টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। 

সড়ক, নৌ ও রেলপথ দুর্ঘটনা নিয়ে তৈরি রোড সেফটি ফাউন্ডেশনের সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে সংস্থাটি প্রতিবেদনটি প্রস্তুত করেছে। 

প্রতিবেদন অনুযায়ী, নিহতের মধ্যে ৭৩ জন নারী এবং ৬১ জন শিশু; বাকিরা পুরুষ। একক যান হিসেবে মোটরসাইকেল দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। দেশে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির প্রায় ৩২ দশমিক ৮৬ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫ দশমিক ০৫ শতাংশ। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, অর্থাৎ ১২ দশমিক ৫২ শতাংশ। 

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে দুর্ঘটনার হার এবং প্রাণহানি দুটোই সবচেয়ে বেশি। এই বিভাগে ২৯ দশমিক ৮৬ শতাংশ দুর্ঘটনায় ৩১ দশমিক ৬৭ শতাংশ প্রাণহানি ঘটেছে। ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে সিলেট বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় ৫২টি দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ১০ দশমিক ৮৭ শতাংশ, চট্টগ্রামে ১৭ দশমিক ৭৭ শতাংশ, খুলনায় ১৪ দশমিক ৪২ শতাংশ, বরিশালে ৬ দশমিক ৬১ শতাংশ, সিলেটে ৪ দশমিক ৯৬ শতাংশ, রংপুরে ৫ দশমিক ৯১ শতাংশ এবং ময়মনসিংহে ৭ দশমিক ৮০ শতাংশ প্রাণহানি ঘটেছে। 

সড়কের ধরন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৪৫টি জাতীয় মহাসড়কে, ১৭৮টি আঞ্চলিক সড়কে, ৫৬টি গ্রামীণ সড়কে এবং ৬৩টি শহরের সড়কে ঘটেছে। 

সংস্থাটি বলছে, অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সেপ্টেম্বরে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে।