চাঁপাইনবাবগঞ্জে জেলাশহরের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং জাতীয় শিক্ষা পদক (ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা)-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিদ্যালয়টিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শবনম আকতার। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন— সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহা. সাদিকুল ইসলাম, দৈনিক চাঁপাই চিত্র সম্পাদক মো. কামাল উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মফিজ উদ্দীন, সচেতন নাগরিক কমিটির সদস্যসচিব মনিরুজ্জামান মনির এবং বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিদ্যালয়টির সার্বিক দিক তুলে ধরে বক্তব্য দেন— বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মারুফুল হক।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ১১ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৯ শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ২ শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে। সংবর্ধনা অনুষ্ঠানে এই ১১ কৃতী শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়। পাশাপাশি জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়টির বিভিন্ন দিক তুলে ধরেন এবং বিদ্যমান নানা সমস্যার কথা জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে অভিভাবকদের উত্থাপিত দাবির প্রেক্ষিতে বিদ্যালয়টির মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।