চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরু ও ছাগল চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে উপজেলার নেজামপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. তৈয়ব আলীর বাড়ির মাটির গোয়ালঘরের দেওয়ালে সিঁধ কেটে একটি বলদ, একটি গাভী ও একটি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
ভুক্তভোগী জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ১২টার দিকে তিনি ঘুমাতে যান। সকালে উঠে গরু বের করতে গেলে, দেখতে পান ঘরের দেয়ালে সিঁধ কেটে কে বা কারা গরু চুরি করে নিয়ে গেছে।
এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে লোকজন জড়ো হয় এবং খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। খুব দুঃখজনক। তারা অনেক গরিব মানুষ। চোর ধরতে পুলিশকে সহযোগিতা করা হবে বলে জানান।
চুরির ঘটনাটি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ঘটনাটি শুনেছি এবং তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা চারদিকে জোরালো অনুসন্ধান চালাচ্ছি। সন্ধান পেলেই উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।