বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
September 23, 2026
নাচোল
নাচোল

নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ

Published: September 23, 2026 at 02:10 PM
নাচোলে ইমারত নির্মাণ শ্রমিকদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যদের মধ্যে পরিচিতি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই পরিচিতি কার্ড বিতরণ করা হয়।

নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্ড বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রমিকরা দেশ ও বিদেশে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছেন। আগামীতেও এই সম্মান ও সুনাম ধরে রাখতে হবে।” 

তিনি শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে আরো বলেন— “প্রতিটি শ্রমিক সদস্যের সঙ্গে সর্বদা পরিচিতি কার্ড থাকা অত্যন্ত জরুরি। দেশের বিভিন্ন স্থানে কাজ করতে যাওয়ার সময় শর্তসাপেক্ষে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে করে কোনো শ্রমিক হয়রানির শিকার হবেন না।” শ্রমিকরা যে কোনো সমস্যায় পড়লে প্রশাসনের পক্ষ থেকে আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আওতায় প্রায় এক হাজার সদস্য রয়েছে। আয়োজকরা জানান, এই পরিচিতি কার্ড বিতরণের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের পেশাগত নিরাপত্তায় তা বিশেষ ভূমিকা রাখবে। 

নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এই কার্ড বিতরণের আয়োজন করে।