চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লাইসেন্স বিহীন অবস্থায় গোডাউনে ১৫ ব্যারেল ডিজেল মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ৩ লাখ ৫৯ হাজার ২৯০ টাকা মূল্যের ডিজেল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিট থেকে ১১টা ৫ মিনিট পর্যন্ত উপজেলার ভেরেন্ডি বাজারে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেলের নেতৃত্বে চালানো অভিযানে চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ২০(ঙ) ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে তার দোকান ও গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত ডিজেল নিকটস্থ ধানসুড়া ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।