বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
জাতীয়
জাতীয়

রূপপুরের প্রথম ইউনিটের ত্রুটি সারিয়ে নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল

Published: October 01, 2026 at 01:04 PM
রূপপুরের প্রথম ইউনিটের  ত্রুটি সারিয়ে নিরাপত্তা  ভাল্বের পরীক্ষা সফল

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের প্রেসার অপারেটেড রিলিফ ভাল্বের (পিওআরভি) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম এ তথ্য জানিয়েছে। 

রোসাটম জানায়, ত্রুটি সারিয়ে মঙ্গলবার রাতে শুরু হওয়া পরীক্ষা বুধবার সকালে সফলভাবে শেষ হয়। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ— উভয় জায়গা থেকেই পরীক্ষা পরিচালনা করা হয়। এতে নিয়ন্ত্রণ ভাল্বগুলোর কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রধান নিরাপত্তা ভাল্বের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ভাল্ব খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন কারিগরি বিষয় পর্যবেক্ষণ করা হয়। অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত মেনেই পুরো পরীক্ষা পরিচালনা করা হয়েছে। 

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) এক কর্মকর্তা জানান, ভাল্বের সমস্যার সমাধানে রাশিয়া থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ২২ সেপ্টেম্বর রূপপুরে আসে। বাংলাদেশী ও রুশ বিশেষজ্ঞদের যৌথ প্রচেষ্টায় সমস্যাটির সমাধান হয়েছে। প্রথম ধাপে ১৬ মেগাপাসকেল চাপে পরীক্ষা করা হয়। পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে পরীক্ষা করার কথা রয়েছে। মেগাপাসকেল হলো চাপ মাপার একক। ১৬ মেগাপাসকেল মানে প্রায় ১৫৮ গুণ বায়ুমণ্ডলীয় চাপ। প্রতিটি ধাপের ফলাফল যাচাই করে পরবর্তী পরীক্ষায় এগোচ্ছে কমিশনিং দল। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের পরীক্ষার কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় ইউনিটের পরীক্ষা শুরু করার কথা রয়েছে। 

এর আগে ১১ সেপ্টেম্বর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রথম ইউনিটের পরীক্ষায় টারবাইনের একটি গুরুত্বপূর্ণ ভাল্বের ত্রুটি ধরা পড়ায় আটকে যায় পরবর্তী ধাপের কাজ। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ভাল্বটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ায় চুল্লির সফল ট্রায়াল সম্পন্ন করা যাচ্ছিল না। ত্রুটি দূর করতে রাশিয়া থেকে আবার নতুন ভাল্ব তৈরি করে আনার পাশাপাশি বিশেষজ্ঞ আসার কথা ছিল। 

এদিকে দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহও শুরু হচ্ছে। বৃহস্পতিবার প্রথম চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। 

রোসাটম এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত একাধিক চালানে দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ করা হবে।