বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 01, 2026
October 01, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৬

Published: October 01, 2026 at 02:31 PM
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায়  বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের বুড়িপুকুর (পুসকুনি) নামক স্থানে একটি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভুটিভুটি গাড়িতে থাকা আয়েস উদ্দিন (৭০) ও তার ছেলে শরিফুল ইসলাম (৪৪), শিবনগর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. আব্দুল হামিদ। নিহত আয়েস উদ্দিন উপজেলার পুলিশ মাইল ঝাবু বাজার এালাকার মৃত নবাবজানের ছেলে। এদের মধ্যে আয়েস উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। 

আহতরা হলেন— শিবগঞ্জ উপজেলার ছোট হাদিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৩৬), হাদিনগর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. মধু (৬০), বাবুপুর গ্রামের মজলু রহমানের ছেলে মো. আব্দুল হাকিম (৫৫) ও সৈয়দ আলীর ছেলে মো. কাজেম আলী (৪৭), পার কানসাট গ্রামের মৃত মহব্বতের ছেলে মো. জব্দুল হক (৪০) ও চামাটোলা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. হেলাল উদ্দিন (৫৫)। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন এবং পরে আব্দুল হামিদ মারা যান। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ দুর্ঘটনার এই খবটি জানিয়েছেন। 

এদিকে নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তার শ্বশুর ও শ্যালকসহ আরো ১০ থেকে ১২ জন গরু কেনার জন্য চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী হাটে গিয়েছিলেন। সেখান থেকে গরু কেনা শেষে ফেরার পথে শিবগঞ্জ উপজেলার পুসকুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান।

গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পথে আয়েস উদ্দিনের ছেলে শরিফুল ইসলামও মারা যান। পরে আব্দুল হামিদ মারা যান। 

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর দুজন মারা গেছেন। 

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত জানান, পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।