সোমবার ১২ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 12, 2026
October 12, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

Published: October 12, 2026 at 01:55 PM
মানুষের জীবনমান উন্নয়নে  কাজ করছে সরকার : শিবগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেছেন, বর্তমান সরকার শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

সোমবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সফরকালে এসব কথা বলেন তিনি।

সফরকালে তিনি উপজেলার শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার, শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার এসব খাতে বড় বাজেট বরাদ্দ দিয়েছে। শুধুমাত্র দৃশ্যমান উন্নয়ন নয়, শিক্ষা ও চিকিৎসার সঠিক সুবিধা নিশ্চিতের মাধ্যমে প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করাই এই সরকারের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ড. সাইমুম পারভেজ সোমবার দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কলেজের অগ্রগতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। 

গাছের কাঠ পোড়ানো সকল ইটভাটা বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন ড. সাইমুম পারভেজ। ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

সাইমুম পারভেজ বলেন, যেসব ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয়, সে সমস্ত ইটভাটা বন্ধ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। পাশাপাশি কনক্রিট ব্লকের আওতায় আনা হবে। একদিকে ভবন শক্তিশালী হবে। অন্যদিকে পরিবেশবান্ধব হবে। 

পরে কলেজ চত্বরে গাছের চারা রোপণ করা হয়। 

এ সময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাকিমুল হাসান সিদ্দিকী ও কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদসহ অন্যরা।

এর আগে বেলা ১১টায় শিবগঞ্জের কানসাট সোলেমান ডিগ্রি কলেজে এক অনির্ধারিত সফর করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এই সময় তিনি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং গভর্নিং বডির সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় ড. সাইমুম পারভেজ কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও চরিত্র গঠনের লক্ষে কলেজের লাইব্রেরিতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন সহায়ক ও জ্ঞানভিত্তিক বই রাখার পরামর্শ দেন।