চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ডধারীদের তথ্য সংগ্রহ। এ জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
সোমবার দুপুরে ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্সে এই তথ্য জানানো হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন— এই কার্যক্রমের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান, সদর উপজেলা কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহলী রশীদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, শহর সমাজসেবা অফিসার ইমতিয়াজ কবীর, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক বুলু বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিমসহ অন্যরা।
এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহলী রশীদ জানান, প্রথম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬, ১২ ও ১৩ নম্বর ওয়র্ড, সদর উপজেলার বালিয়াডাঙ্গা, রানীহাটি ও দেবীনগর ইউনিয়ন, শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডসহ উপজেলার নয়ালাভাঙ্গা ও পাঁকা ইউনিয়ন, গোমস্তাপুর উপজেলার আলীনগর, বাঙ্গাবাড়ী ও বোয়ালিয়া ইউনিয়ন, নাচোল উপজেলার কসবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও ভোলাহাট উপজেলার ভোলাহাট, গোহালবাড়ী ও দলদলি ইউনিয়নের নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহণ করা হবে।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগকে একটি মহতী উদ্যোগ হিসেবে উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ধাপে ধাপে সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।