চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিনামূল্যে ১ হাজার ২০০ পিস ডেঙ্গু শনাক্তকরণ কিট দিয়েছে শিল্পপ্রতিষ্ঠান এরফান গ্রুপ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কিটগুলো হস্তান্তর করা হয়।
কিট হস্তান্তরকালে এরফান গ্রুপের প্রতিনিধিরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এরফান গ্রুপ সবসময় জেলার মানুষের পাশে দাঁড়িয়েছে। জেলাজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এবং হাসপাতালে আসা দরিদ্র ও সাধারণ রোগীরা যাতে বিনামূল্যে ও দ্রুত ডেঙ্গু পরীক্ষা করতে পারেন, সেই লক্ষেই এই কিটগুলো প্রদান করা হলো। ভবিষ্যতে জনকল্যাণমূলক এই ধারা অব্যাহত থাকবে।
ডেঙ্গু কিট উপহার পেয়ে এরফান গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার। তিনি বলেন, এই কিটগুলো আসায় হাসপাতালে আসা সম্ভাব্য ডেঙ্গু রোগীদের দ্রুত পরীক্ষা ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে, যা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি ছিল। সমাজের অন্যান্য বিত্তবান ও করপোরেট প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে চিকিৎসাসেবা দেয়া আরো সহজ হবে বলে জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, অ্যাডমিন মো. রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম রেজা, এমডির একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম।
উল্লেখ্য, এরফান গ্রুপ এর আগে করোনাকালীন চাঁপাইনবাবগঞ্জ জেলায় ত্রান বিতরণ ছাড়াও শিক্ষা সাহিত্য ও ধর্মীয় প্রতিষ্ঠানে অবদান রেখে যাচ্ছে।