চাঁপাইনবাবগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে ১৭টি ককটেল উদ্ধার হয়েছে। গত রবিবার রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সিটোলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এসআরবি-চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।
এসআরবি আরো জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত সোয়া ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ৫নং মহারাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি মন্ডলের টোলা এলাকায় পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে লেবুবাগানের ভেতর হতে এসআরবি-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতা সৃষ্টির লক্ষে দুষ্কৃতিকারীরা সংরক্ষণ করে রেখেছিল। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।