বুধবার ০৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২৪শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 08, 2026
July 08, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

র‌্যাব ও বিজিবি’র পৃথক অভিযানে এস্কাফ সিরাপ জব্দ : গ্রেপ্তার এক

Published: July 08, 2026 at 02:29 PM
র‌্যাব ও বিজিবি’র  পৃথক অভিযানে  এস্কাফ সিরাপ জব্দ : গ্রেপ্তার এক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব, ভোলাহাটে ৫৯ বিজিবি ও গোমস্তাপুরে ১৬ বিজিবি অভিযান চালিয়ে এস্কাফ সিরাপ জব্দ করেছে| সেই সঙ্গে র‌্যাব একজনকে গ্রেপ্তার করেছে| 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গত মঙ্গলবার জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আব্দুলপাড়া (সোনামসজিদ স্থলবন্দর) এলাকায় অভিযান চালায়| অভিযানে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মো. আল আমিন ইসলাম ওরফে আলামিন (১৯) নামের একজনকে গ্রেপ্তার করে| আলামিন উপজেলার বালিয়াদিঘী মধ্যপাড়ার ফজলু মমিনের ছেলে| 

জব্দকৃত সিরাপসহ আলামিনকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে|

এদিকে জেলার ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি| 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির নায়েক মো. আমজাদ আলীর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়| অভিযানে টহল দল মালিকবিহীন ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে|

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষটি নিশ্চিত করে বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|

অন্যদিকে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৩৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে| 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি এই তথ্য জানিয়েছে| 

বিজিবি আরো জানায়, নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আতিকের নেতৃত্বে মঙ্গলবার রামদাসপুর বড়বিল নামক স্থানে অভিযান চালানো হয়| অভিযানে এস্কাফ সিরাপ ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়| 

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নওগাঁ ব্যাটালিয়নের লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম|