বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু চাঁপাইনবাবগঞ্জে তিন সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩ নাচোলে দৈনিক রূপালি বাংলাদেশ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় দিল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জে ৩৩ দুস্থকে দেয়া হলো আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ প্রার্থীকে নিয়োগ বঞ্চিত করলে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা ২৯টির কার্যক্রম বন্ধ সহজ ভুলে পয়েন্ট খোয়ালো ম্যানইউ
Printed on: November 26, 2026
November 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

সহজ ভুলে পয়েন্ট খোয়ালো ম্যানইউ

Published: November 26, 2026 at 01:07 PM
সহজ ভুলে পয়েন্ট খোয়ালো ম্যানইউ

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রথম জয়ের দেখা পেলেন না মরিসিও পচেত্তিনো। চ্যাম্পিয়ন্স লিগে স্পোর্টিংয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তার দল। ম্যাচে জোড়া গোল করেছেন ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। তবে গোলরক্ষক সেন্নে লামেন্সের শিশুসুলভ ভুলে জয় হাতছাড়া হয় তাদের। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউরি তিয়েলেমান্স। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে স্পোর্টিংকে এগিয়ে দেন কলম্বিয়ার লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড।

বিরতির পর প্রথম পাঁচ মিনিটের মধ্যেই দুটি গোল করেন ফার্নান্দেস। তাতে মৌসুমে প্রথমবারের মতো প্রতিপক্ষের মাঠে জয়ের সম্ভাবনা তৈরি হয় পচেত্তিনোর দলের। কিন্তু সেই সম্ভাবনায় পানি ঢেলে দেন লামেন্স। বক্সের মধ্যে বল হাতে নিয়েও ঠিকমতো নিয়ন্ত্রণে রাখতে না পারায় ফিরতি বলে গোল করেন সুয়ারেজ। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে স্পোর্টিংকে সমতায় ফেরান এই স্ট্রাইকার। এরপর কর্নার থেকে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইউনাইটেড। স্পোর্টিং গোলরক্ষক কাইকে নিজের জালেই বল পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু মাঠে ভিডিও পর্যালোচনার পর বদলি খেলোয়াড় প্যাট্রিক ডরগুর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। দিনটি মোটেও ভালো কাটেনি লামেন্সের।

সুয়ারেজের প্রথম গোলের আগে পেনালটি ঠেকিয়েছিলেন তিনি। কিন্তু মাত্র ৭৫ সেকেন্ড পরই বক্সের মধ্যে ভুল করে বসেন এই গোলরক্ষক। সেই ভুলের সুযোগ নিয়েই গোল করেন সুয়ারেজ। ম্যাচের অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে ফার্নান্দেসের দ্বিতীয় গোলটিও ছিল ব্যতিক্রমী। বিরতির পর তিন মিনিটের মাথায় ইউনাইটেডকে সমতায় ফেরান তিনি। তার নেওয়া অপেক্ষাকৃত দুর্বল শট মাঠের অসমান অংশে লেগে অপ্রত্যাশিতভাবে লাফিয়ে উঠে জালে ঢুকে যায়। শেষ দিকে তিয়েলেমান্সের লাল কার্ড ইউনাইটেডের হতাশা আরও বাড়িয়েছে। যোগ করা সময়ে গনসালো ইনাসিওকে ফলো-থ্রুতে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। এর আগে প্রথমার্ধের শেষ দিকে তার একটি হলুদ কার্ডও ছিল বিতর্কিত। আমাদ দিয়ালোকে সমতায় ফেরার সুযোগ থেকে বঞ্চিত করেছিল সেই সিদ্ধান্ত। ইউনাইটেডের কোচ হিসেবে পচেত্তিনোর প্রথম দুই ম্যাচেই লাল কার্ড দেখেছেন তার দলের দুই খেলোয়াড়। পাশাপাশি প্রতিপক্ষকে দুটি পেনাল্টিও উপহার দিয়েছে দলটি। সব মিলিয়ে কঠিন সময়ের মধ্য দিয়েই শুরু হয়েছে আর্জেন্টাইন কোচের যাত্রা। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ-দুই প্রতিযোগিতাতেই ১৯তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।