চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— বিদ্যালয়টির প্রধান শিক্ষক মারুফুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষা হলো জীবনের আসল শিক্ষা। এসময় শিক্ষার্থীরা জীবনের প্রথম শিক্ষা জীবনের প্রথম ধাপ অতিক্রম করে। তিনি বলেন, আমাদের বর্তমান সমাজে মোবাইলের ঝুঁকি বেড়ে গেছে। মা-বাবাদের খোঁজ রাখতে হবে, যাতে শিক্ষা জীবনের শুরুতেই সন্তানরা মোবাইলে আসক্ত না হয়।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সব শিক্ষার্থীরা ক্লাসে ফার্স্ট হয় না। তাই সন্তানের ফলাফল ভালো না হলে মন খারাপ করার কিছু নেই। দেখতে হবে তার বেসিকটা কীভাবে গড়ে উঠছে। শিক্ষাব্যবস্থার কিছুটা দুর্বলতা রয়েছে, এটাকে আমাদের ওভারকাম করতে হবে। বর্তমানে দেশে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা করেছে সরকার।
শেষে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।