গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও পোড়াও এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন— জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।
বিশেষ অতিথি ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মিজানুর রহমান।
আরো উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা জামায়াতের নায়েবে আমির মুখলেশুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আমানুল্লাহ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির, পৌর আমির অ্যাডভোকেট মো. শফিক এনায়েত উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল এমপি তার বক্তব্যে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান ও সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে পাঁয়তারা করছেন তা কখনোই বাস্তবায়িত হবে না। তারা এদেশে ফিরতে পারবে না। আওয়ামী লীগের জনশক্তিদেরকে চাঙ্গা রাখার জন্যই তিনি এরকম খেলা খেলছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জসহ সারাদেশে যে সন্ত্রাস এবং নৈরাজ্য তৈরি করছে তা অচিরেই বন্ধ করতে হবে, কোনো ধরনের শিথিলতা জনগণ মেনে নিবে না। সরকার যদি ব্যর্থ হয় জুলাই আন্দোলনের মতো আপামর ছাত্র-জনতা আবারো দেশকে স্থিতিশীল করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।