শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইন ও বিধিবিধান অনুসরণ করে যোগ্য বিবেচিত কোনো প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করার মতো অনিয়মের সঙ্গে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কে. এম. হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগসংক্রান্ত রিট পিটিশনের রায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্যা মিয়া। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. জে. আর. খান রবিন, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।
মামলার বিবরণে জানা যায়, হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় বিধি মোতাবেক অংশ নিয়ে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন মো. জাহাঙ্গীর আলম। তবে ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাতে তাকে নিয়োগ প্রদান করেনি। এতে সংক্ষুব্ধ হয়ে তিনি প্রতিকার চেয়ে হাইকোর্ট বিভাগে ২০১৯ সালে ১১১৯৯ নম্বর রিট পিটিশন দায়ের করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শকসহ সংশ্লিষ্ট সাত জনকে বিবাদী করা হয়।
দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করেন। একইসঙ্গে রায়ে উল্লেখ করেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে সরাসরি রিট পিটিশন রক্ষণীয় নয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করতে আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
রায়ে বলা হয়, কোনো আবেদনকারী আইনানুগ প্রক্রিয়ায় নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যৌক্তিক কারণ ছাড়া তাকে নিয়োগ থেকে বঞ্চিত করতে পারবেন না। কোনো যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি অথবা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন আদালত। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিতকরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও রায়ে উল্লেখ করা হয়েছে।