বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু চাঁপাইনবাবগঞ্জে তিন সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩ নাচোলে দৈনিক রূপালি বাংলাদেশ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় দিল পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জে ৩৩ দুস্থকে দেয়া হলো আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ২৮ জন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ প্রার্থীকে নিয়োগ বঞ্চিত করলে ব্যবস্থার নির্দেশ হাইকোর্টের গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা-কার্যালয়ে হামলা ২৯টির কার্যক্রম বন্ধ সহজ ভুলে পয়েন্ট খোয়ালো ম্যানইউ
Printed on: November 26, 2026
November 26, 2026
খেলাধুলা
খেলাধুলা

প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

Published: November 26, 2026 at 01:05 PM
প্রোটিয়াদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে তাও রেকর্ড সংগ্রহে মুখ রক্ষা করেছিল। কিন্তু সেঞ্চুরিয়নে দুই ইনিংসেই ব্যাটিংয়ে ব্যর্থ। বল হাতেও নিষ্প্রভ ছিল। দ্বিতীয় টেস্টে তারই খেসারত দিতে হলো ইনিংস ও ২১৯ রানে হেরে। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়ের আত্মবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকায় খেলতে নামা বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো। প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট বাংলাদেশ। এই ধ্বংসস্তূপ থেকে তারা উঠে দাঁড়িয়ে জেতার মতো আবহ তৈরি করবে, এমনটা কস্মিনকালেও ভাবা যায় না; বিশেষ করে দক্ষিণ আফ্রিকা যখন ৪০৩ রানের লিড নিয়েছে। ম্যাচের ফল কী হতে যাচ্ছে, তা দুই দলের প্রথম ইনিংস শেষেই নিশ্চিত হয়েছে। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। তার আগে অন্তত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের লড়াই দেখার প্রত্যাশা ছিল, কিন্তু তাও হলো না। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উইয়ান মুল্ডারের আগুন বোলিংয়ে ভস্মীভূত সফরকারীদের দ্বিতীয় ইনিংস। তাদেরকে ১৮৪ রানে অলআউট করে সাত সেশনেই ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে বাংলাদেশের হার নিশ্চিত হয়।

বাংলাদেশকে একশর আগেই অলআউট করে ৭ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তারপর বল হাতে সফরকারীদের টপ অর্ডারে ভাঙন ধরাতে বেশি সময় নেয়নি প্রোটিয়ারা। যদিও দুটি পঞ্চাশ রানের জুটিতে প্রথম ইনিংসের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের পুনরাবৃত্তি হয়নি। কিন্তু মিডল অর্ডারে একটি প্রতিরোধ গড়া জুটি ভাঙতেই ধসে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন। তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম রবিন শুরুটা ভালো করেছিলেন। ১৫তম ওভারে একটু বাইরে দিয়ে করা উইয়ান মুল্ডারের ডেলিভারি ছাড়লেও পারতেন তানজিদ। কিন্তু স্কয়ার কাটে খেললেন। ব্যাটের বাইরে লেগে বল পড়ল রায়ান রিকেলটনের গ্লাভসে। বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙে তানজিদের বিদায়ে। ৪৮ বলে ২৯ রান করেন তিনি। ৫৮ রানেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুল্ডার টানা দ্বিতীয় ওভারে উইকেট পান। তার বল মুমিনুল হকের গ্লাভস ছুঁয়ে রিকেলটনের হাতে পড়ে।

ডাক মারেন বাংলাদেশের ব্যাটার। রবিনকে থামতে হয় চল্লিশের ঘরে পৌঁছানোর আগে। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন তিনি ৩৮ রান করে। ৬২ বলের ইনিংসে ছিল ৭ চার। ৭৮ রানে তিন উইকেট পড়ার পর বাংলাদেশকে স্বস্তি এনে দেন নাজমুল হোসেন শান্ত ও তওহিদ হৃদয়। ইয়ানসেনকে এক ওভারে তিনটি চার মেরে ঝড় তুলেছিলেন হৃদয়। তাকে ফেরানোর আগের ওভারে বাউন্ডারি হজম করেন কাগিসো রাবাদাও। তাই তো উইকেট পাওয়ায় তার উল্লাসটা ছিল একটু বাড়াবাড়ি। ৩৩ বলে ৭ চার ও ১ ছয়ে ইনিংস সেরা ৪১ রানে জুবায়ের হামজাকে ক্যাচ দেন হৃদয়। ভাঙে ৭৬ বলে ৫০ রানের জুটি। ১২৮ রানে চার উইকেট পড়ে বাংলাদেশের। এরপর লিটন দাস ও শান্ত লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু লিটনকে ফিরিয়ে ৩০ রানের এই জুটি ভেঙে দেন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার এই পেসার চার ওভারে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে অসহায় আত্মসমর্পণের দিকে নিতে থাকেন।

এর মধ্যে জাকের আলী ও শরিফুল ইসলামকে টানা ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ফাইফারের দেখা পান। তারপর আরেক ওভারে শান্তকে ৩৪ রানে ফেরান মুল্ডার। তার পরের ওভারে বোল্ড হন তাসকিন আহমেদ। খালেদ হোসেনের উইকেটে ২৬ রানে বাংলাদেশ তাদের শেষ ৬ ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরতে দেখেছে। এই উইকেট নেন ইয়ানসেন। ১১ ওভারে ৩১ রান দিয়ে মুল্ডার ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ দুটি পান ইয়ানসেন। প্রথম ইনিংসে ১০০ ও ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মুল্ডার। ৩০৭ রান করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মার্কেস অ্যাকারম্যান। ২-০ তে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার হতাশা বাংলাদেশ কাটানোর সুযোগ পাচ্ছে। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সফর তারা শেষ করবে টি-টোয়েন্টি খেলে।