স্মার্টফোনের দাম যতই হোক, অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে সেটি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। আইফোনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। ফোন পানিতে পড়ার পর অনেকেই দ্রুত সেটি চালু করা, চার্জ দেওয়া কিংবা হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করেন। কিন্তু এ ধরনের পদক্ষেপে ফোনের ভেতরের যন্ত্রাংশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এমন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে কিছু নিয়ম মেনে চলা জরুরি। এতে ফোনের ক্ষতির আশঙ্কা কমানো সম্ভব।
১. দ্রুত পানি থেকে তুলে ফোন বন্ধ করুন
আইফোন পানিতে পড়ে গেলে দেরি না করে সেটি তুলে ফেলুন। ফোন চালু থাকলে নিরাপদে বন্ধ করে দিন। তবে স্ক্রিন কাজ না করলে বা ফোন বন্ধ করতে সমস্যা হলে বারবার বোতাম চাপবেন না। ভেজা অবস্থায় ফোন ব্যবহার করলে ভেতরের বৈদ্যুতিক যন্ত্রাংশে ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়তে পারে।
২. চার্জার বা অন্য কোনো তার লাগাবেন না
পানি থেকে তোলার পরপরই আইফোন চার্জে দেওয়া থেকে বিরত থাকুন। চার্জিং পোর্টে পানি বা আর্দ্রতা থাকলে বিদ্যুৎ সংযোগের কারণে ফোনের ক্ষতি হতে পারে। একইভাবে, ভেজা ফোন কম্পিউটার, হেডফোন কিংবা অন্য কোনো তারযুক্ত যন্ত্রের সঙ্গে যুক্ত করবেন না। ফোন পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
৩. শুকনো কাপড় দিয়ে পানি মুছে ফেলুন
ফোনের বাইরের অংশ নরম ও শুকনো কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিন। চার্জিং পোর্টে পানি জমে থাকলে সংযোগস্থল নিচের দিকে রেখে ফোনটি হাতের তালুতে আলতো করে ঠোকা দিতে পারেন। এতে বাড়তি পানি বেরিয়ে আসতে পারে। এরপর ফোনটি এমন জায়গায় রাখুন, যেখানে বাতাস চলাচলের সুযোগ রয়েছে।
৪. হেয়ার ড্রায়ার বা চালের পাত্র ব্যবহার করবেন না
ভেজা ফোন দ্রুত শুকানোর জন্য হেয়ার ড্রায়ার, হিটার কিংবা অন্য কোনো তাপের উৎস ব্যবহার করবেন না। অতিরিক্ত তাপ ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। অনেকে ফোন চালের পাত্রে রেখে শুকানোর চেষ্টা করেন। কিন্তু এতে ভেতরের আর্দ্রতা পুরোপুরি দূর হওয়ার নিশ্চয়তা নেই। উল্টো চালের ছোট কণা চার্জিং পোর্টে ঢ়ুকে সমস্যা তৈরি করতে পারে। এ ছাড়া পোর্ট পরিষ্কারের জন্য তুলা, টিস্যু বা অন্য কোনো বস্তু ভেতরে ঢোকানোও উচিত নয়।
৫. চার্জিং পোর্ট শুকাতে সময় দিন
চার্জিং পোর্টে আর্দ্রতা থাকলে আইফোনে ‘লিকুইড ডিটেক্টেড’ বা তরল শনাক্ত হওয়ার সতর্কবার্তা দেখা যেতে পারে। এমন বার্তা এলে চার্জার খুলে ফোনটি শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন। অন্তত ৩০ মিনিট পর আবার পরীক্ষা করতে পারেন। সতর্কবার্তা থেকে গেলে আরও সময় দিন। ফোন পুরোপুরি শুকাতে কখনো কখনো ২৪ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে। সতর্কবার্তা উপেক্ষা করে জোর করে চার্জ দেওয়ার চেষ্টা করবেন না।
৬. ওয়াটার রেজিস্ট্যান্স থাকলেও নিশ্চিন্ত হবেন না
কিছু আইফোন মডেলে পানি প্রতিরোধের সুবিধা থাকলেও সেগুলো পুরোপুরি পানিরোধী নয়। সময়ের সঙ্গে সঙ্গে, পড়ে যাওয়া বা স্বাভাবিক ব্যবহারের কারণে এই প্রতিরোধক্ষমতা কমে যেতে পারে। এ ছাড়া সমুদ্রের নোনা পানি, সুইমিং পুলের পানি কিংবা সাবানমিশ্রিত তরল ফোনের সংস্পর্শে এলে ক্ষতির আশঙ্কা থাকে। তাই পানি প্রতিরোধের সুবিধা রয়েছে বলে ফোনকে ইচ্ছাকৃতভাবে পানির সংস্পর্শে আনা ঠিক নয়।
আইফোন পানিতে ডুবে গেলে, শুকানোর পরও চালু না হলে কিংবা স্পিকার, মাইক্রোফোন বা চার্জিংয়ে সমস্যা দেখা দিলে নিজে ফোন খুলে মেরামতের চেষ্টা করবেন না। এ ক্ষেত্রে অনুমোদিত সার্ভিস সেন্টারের সাহায্য নেওয়া ভালো।
ফোন পানিতে পড়লে দ্রুত সেটি তুলে বাইরের পানি মুছে ফেলা, চার্জ দেওয়া থেকে বিরত থাকা এবং সঠিকভাবে শুকানোর ব্যবস্থা করা সবচেয়ে জরুরি। এসব পদক্ষেপ ক্ষতির ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। তবে ফোন সম্পূর্ণ সচল থাকবে, এমন নিশ্চয়তা নেই।