রবিবার ১৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 18, 2026
October 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা : অসহায় মানুষদের মশারি দিল জেলা পরিষদ

Published: October 18, 2026 at 01:50 PM
ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা : অসহায় মানুষদের মশারি  দিল জেলা পরিষদ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা ও অসহায়-দুস্থ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মানবিক উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। এর অংশ হিসেবে জেলার অসহায় পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

এ সময় তিনি বলেন, ডেঙ্গু বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। শুধু ওষুধ ছিটিয়ে এ রোগ প্রতিরোধ সম্ভব নয়; এ জন্য প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত সুরক্ষা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। বিশেষ করে মশারির অভাবে অসহায় ও দুস্থ মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে থাকেন। জেলা পরিষদের এ উদ্যোগ তাদের স্বাস্থ্য সুরক্ষায় কিছুটা হলেও সহায়ক হবে।

হারুনুর রশীদ আরো বলেন, জনগণের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

এ সময় তিনি সবাইকে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানান। এতে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালহ মোহাম্মদ হাসনাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন আরাফাতসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির নেতৃবৃন্দ।

মশারি পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এ সময়োপযোগী ও মানবিক উদ্যোগের প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।