জহিরুল হক বিদ্যুৎ
পৃথিবী নদীর মতো বয়ে যায়
বয়ে নিয়ে যায় কত সভ্যতার ধূলি,
জলের আঘাতে আঘাতে এক সময়
পুরনো শিলালিপিও ক্ষয়ে যায়।
রাজাদের মুকুট যেন ঝরা পাতার মতো,
সিংহাসন যেন বালুচরে আঁকা নগর।
যে সাম্রাজ্য ছিল পাহাড়সম অটল
সময়ে বর্ষার স্রোত তা ভেঙে নিয়ে যায়।
মানুষের স্মৃতি কুয়াশায় ঢাকা নদীর ঘাট,
কত পদ চিহ্ন মুছে যায়, তবু পথ থামেনা।
ইতিহাস যেন গভীর অরণ্য
কিছু বৃক্ষ সেখানে ঝরে যায় নীরবে,
সেখানেই আবার জন্ম নেয় নতুন অরণ্যবীজ;
পৃথিবী কোনো শ্মশান নয়, অনন্ত বীজতলা।
পৃথিবী সময়ের এক ঘূর্ণায়মান চাকা,
এক ইতিহাস ডুবে গিয়ে
নতুন আরেক ইতিহাসের সূর্য ওঠে।