রবিবার ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 22, 2026
November 01, 2026
কবিতা
কবিতা

নারীবসন্ত ও জলসত্য

Published: November 01, 2026 at 09:53 AM
নারীবসন্ত ও জলসত্য

কামাল সালেহীন


কোকিল ডাকে বসন্তের দিন

পাতায় পাতায় ছড়িয়ে পড়ে লাজুক অরণ্য

স্বর্গীয় সুর বেজে ওঠে রৌদ্রদেহে

ঘুমাতে পারে না যোগনিদ্রা।

বুকে ফুল ফোটে

চুমকুঁড়ি সজ্জিত করে হৃদয়ের শাখা-প্রশাখা

আত্মায় নেমে আসে রঙের ধরা

অন্ধ ধ্বনি আলোকিত হয়

বসন্তের পায়ের শব্দে।

নিজেকে আগলাতে পারে না বসন্ত বাতাস

কোকিলের নবজাগরণে।

সমুদ্রের আহ্বানে ছুটে আসে আফ্রোদিতি

জলের যৌবনে স্নান করে

জল হয় বসন্ত,

বসন্ত হয় জলসত্য,

সত্য হয় বসন্তের বদন।

বসন্ত দিন রঙিন করে হেলেনকে

সমুদ্রের ঠোঁটে বেয়ে হেঁটে আসে সে

কোনো পরিবর্তন নেই তার দেহবল্লবীতে

উরুর নীচের তিলটি ঘোষণা করে

আজও তার লাবণ্য

তার জলের পোশাক আমি স্পর্শ করেছি

সেখানে শুধুই অশ্রু।

কে বিশ্বাস করবে আমার অনুভূতি?

কোকিলের গানে মুগ্ধ মোনালিসা

সে ভিঞ্চির তুলি থেকে বের হয়ে আসে

অনেক দুঃখ তার চোয়ালের হাসিতে

কত মানুষ তাকে প্রেম নিবেদন করে,

কিন্তু শুকিয়ে যায় প্রেম ক্ষীণ কম্পনে।

বসন্ত খুঁজে বনলতার চোখ

সে চোখে হারায় জীবনানন্দ

বনে বনে ঘুরে লতা হয় বনলতা

কবিতায় বাঁচে তার প্রাণ

একটি প্রজাপতি লতার ওপর দিয়ে উড়ে যায়

ডানা ঝাপটায় অজ্ঞাত নামহীন পুরুষ।

রোদকুমারী রোদ ছড়ায়

আলোকিত হয় কবিতার বসন্ত

কুহু কুহু গানে শব্দরা ক্ষেতে ফেরে।